ক্যান্সারের দীর্ঘ চিকিৎসা শেষে প্রথমবারের মতো বড় পরিসরের কোনো বিদেশ সফরে ভারত আসছেন ব্রিটিশ রাজবধূ ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। স্বামী প্রিন্স উইলিয়ামের সঙ্গী হয়ে আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত তিন দিন ভারতের মুম্বাইয়ে অবস্থান করবেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, এই সফরের মূল আকর্ষণ হলো প্রিন্স উইলিয়াম প্রবর্তিত মর্যাদাপূর্ণ পরিবেশবিষয়ক পুরস্কার ‘আর্থশট প্রাইজ’ প্রদান অনুষ্ঠান। সফরের দ্বিতীয় দিন আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) আয়োজিত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অংশ নেবেন ব্রিটিশ এই রাজদম্পতি।

বিজ্ঞাপন · inarticle_1

২০২৪ সালে ক্যান্সার ধরা পড়ার পর কেমোথেরাপি চিকিৎসা নিতে হয়েছিল কেট মিডলটনকে। বর্তমানে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠলেও শারীরিক ধকল পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। চিকিৎসা পরবর্তী সময়ে এটিই হতে যাচ্ছে তার সবচেয়ে দীর্ঘ ও বড় আন্তর্জাতিক সফর। এর আগে গত মে মাসে তিনি মাত্র দুই দিনের জন্য সংক্ষিপ্ত সফরে ইতালি গিয়েছিলেন।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর ও সৃজনশীল সমাধান খুঁজে বের করতে ২০২০ সালে ‘আর্থশট প্রাইজ’ চালু করেন প্রিন্স উইলিয়াম। এই উদ্যোগের মাধ্যমে প্রতি বছর পরিবেশ রক্ষায় উদ্ভাবনী পাঁচটি প্রকল্পকে পুরস্কৃত করা হয় এবং কাজগুলো বড় পরিসরে এগিয়ে নিতে প্রতিটি প্রকল্পকে ১০ লাখ পাউন্ড করে অর্থ সহায়তা দেওয়া হয়।

কেনসিংটন প্যালেসের এক মুখপাত্রের মতে, জলবায়ু সংকট নিয়ে হতাশার বদলে নতুন সম্ভাবনার আলো দেখানোই এই পুরস্কারের মূল উদ্দেশ্য। সংকট যত গভীরই হোক, মানুষের উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতা দিয়ে তা জয় করা সম্ভব—বিশ্বের কাছে এই আশাব্যঞ্জক বার্তাই পৌঁছে দিতে চায় আর্থশট প্রাইজ।

আয়োজকদের দাবি, মুম্বাইয়ের এবারের আসরটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের পাশাপাশি এই অনুষ্ঠানে তারকাদের মেলা বসবে। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, বলিউড তারকা আলিয়া ভাট এবং অস্কারজয়ী অভিনেতা রামি মালেকসহ বিশ্বের নানা প্রান্তের খ্যাতিমান ব্যক্তিত্বরা। এছাড়া অনুষ্ঠানে গান পরিবেশন করবে জনপ্রিয় ব্রিটিশ পপ ব্যান্ড ‘টেক দ্যাট’, যা ভারতের মাটিতে তাদের প্রথম সরাসরি কনসার্ট হতে যাচ্ছে।

মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বাইরেও তিন দিনের এই সফরে ভারতের ক্রিকেট, ফ্যাশন এবং চলচ্চিত্র জগতের বেশ কিছু বিশেষ আয়োজনে যোগ দেবেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন।