যুক্তরাজ্য ও ইউরোপজুড়ে একাধিক হামলা এবং সন্ত্রাসী ষড়যন্ত্রের অভিযোগে ইরান সমর্থিত তিন অপারেটিভের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে মার্কিন বিচার বিভাগ (ডিওজে)। সম্প্রতি যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে মার্কিন সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করে চালানো এক ব্যর্থ সন্ত্রাসী হামলার নেপথ্যে এই চক্রটি মূল ভূমিকা পালন করেছিল বলে মার্কিন বিচার বিভাগ জানিয়েছে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) মার্কিন আদালতে উন্মোচিত এই অভিযোগপত্রে অভিযুক্তরা হলেন—ইরানি নাগরিক মহসেন মহাজেরি, ইরাকি নাগরিক মোহাম্মদ আলী আল-হাসানি এবং দ্বৈত নাগরিকত্বধারী (ইরানি-ইরাকি) মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদি। মার্কিন প্রসিকিউটরদের দাবি, নিউ ইয়র্কের একটি কারাগারে বন্দী থাকা অবস্থায় উক্ত দ্বৈত নাগরিক অন্য আসামিদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এ ঘটনা সমন্বয় করেন।
মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল জানান, অভিযুক্ত ব্যক্তিরা ইরানের ইসলামি রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং ইরাকভিত্তিক কাতায়েব হিজবুল্লাহর সমর্থনে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে প্রায় ২০টি সন্ত্রাসী হামলার চেষ্টার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। ২০২৬ সালের বসন্তে ইউরোপজুড়ে 'হারাকাত আসহাব আল-ইয়ামিন আল-ইসলামিয়া' (এইচএওয়াইআই) নামক ভুয়া সংগঠনের ব্যানারে চালানো ১৮টি সন্ত্রাসী হামলার মধ্যে সাতটিই সংঘটিত হয় যুক্তরাজ্যে। এগুলোর মধ্যে অগ্নিসংযোগ, বিস্ফোরক হামলা এবং উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিনে দুজন ইহুদি নাগরিককে ছুরিকাঘাতের মতো ভয়াবহ ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, গত আগস্টে অভিযুক্ত আল-হাসানি যুক্তরাজ্যের সহযোগীদের মাধ্যমে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে নজরদারি চালানোসহ আক্রমণের লজিস্টিক প্রস্তুত করেন। পরবর্তীতে জ্বালানিবাহী ভ্যান, পটাশিয়াম ক্লোরাইডসহ রাসায়নিক তরল এবং ধাতব পদার্থের ব্যবস্থা করে ভ্যানগুলোকে একটি সুইমিং পুল এবং ফুয়েল সরবরাহকারী প্রতিষ্ঠানের ছদ্মবেশ দেওয়া হয়। ২৬ সেপ্টেম্বর ঘাঁটির অভিমুখে চালানো হামলায় নিরাপত্তাজনিত বাধা ও স্থানীয় সচেতনতায় হামলাটি ব্যর্থ হয়। পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর ভোরে ঘাঁটি সংলগ্ন এলাকা থেকে বিস্ফোরক তৈরি উপযোগী রাসায়নিক ও পেট্রোলসহ সন্দেহভাজন ভ্যান জব্দ করা হয়।
লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাস এই অভিযোগের কড়া প্রতিবাদ জানিয়ে বলেছে, যুক্তরাজ্যের ঘটনার সাথে ইরানকে জড়ানোর এই ধরনের প্রচেষ্টা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তবে উক্ত ঘটনার পর নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্য ঘাঁটি থেকে সাময়িকভাবে সব মার্কিন বোমারু বিমান প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেন।



