মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ হওয়া মো. আলমগীর হোসেনের (৪৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে মেঘনার শাখা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত আলমগীর সদর উপজেলার চরডুমুরিয়া গ্রামের মো. নান্নু মিয়ার ছেলে এবং স্থানীয়ভাবে তিনি ‘আলমগীর দালাল’ নামে পরিচিত ছিলেন। এই মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়াল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থিতা এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত বৃহস্পতিবার সকালে চরডুমুরিয়া গ্রামে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সংঘর্ষের একপর্যায়ে প্রাণ বাঁচাতে নদী সাঁতরে তীরে ওঠার চেষ্টা করলে স্রোতে তলিয়ে নিখোঁজ হন আলমগীর হোসেন। অন্যদিকে, একই ঘটনায় গুরুতর আহত চরডুমুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে মো. সেলিমকে (৩৫) উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া সংঘর্ষে গুলিবিদ্ধ সজিবসহ অন্তত পাঁচজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় সজিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে এবং মিজানসহ আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে নতুন করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।



