চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পীরপুর ও টেইপুর গ্রামের মধ্যবর্তী রাস্তার মোড়ে অবস্থিত কার্যালয়টিতে এই ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই কাণ্ড ঘটিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন জানান, রাত সাড়ে ১১টার পর ফোনে তিনি বিষয়টি জানতে পারেন। তাঁর অভিযোগ, প্রতিপক্ষের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে কার্যালয়ের ব্যানার ছিঁড়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। খবর পাওয়ার পরপরই বিষয়টি জেলা বিএনপি এবং সদর থানার ওসিকে অবহিত করা হয়।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল ঘুরে দেখা হয়েছে এবং পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।



