রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ভারত-মিজোরাম সীমান্তের আকাশে সন্দেহজনক তিনটি ড্রোন উড়তে দেখে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে সীমান্তের ওই এলাকায় ড্রোনগুলো নজরে আসার পর ২৭ বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়েন। ড্রোনগুলোর উৎস কিংবা কারা এগুলো নিয়ন্ত্রণ করছিল, তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ঘটনার পর সীমান্তজুড়ে নিরাপত্তা ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে বাঘাইছড়ি-মিজোরাম সীমান্তের আকাশে লাল ও সাদা বাতি জ্বলতে থাকা সন্দেহজনক ড্রোন দেখা যায়। সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত বিজিবি সদস্যরা দ্রুত সতর্ক অবস্থান নেন এবং একপর্যায়ে ড্রোনগুলো লক্ষ্য করে গুলি ছোড়েন। রাতের ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে অন্ধকার আকাশের দিকে তাক করে বিজিবি সদস্যদের গুলি ছুড়তে ও আকাশে আলোর ঝলকানি দেখা যায়।
এ বিষয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব জানান, শুক্রবার রাতে হঠাৎ বিজিবির হেলিপ্যাডের ওপর রহস্যময় তিনটি ড্রোন দেখা গেলে আশপাশের সব বিওপি ক্যাম্পকে সতর্ক করা হয়। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসির নির্দেশে ড্রোনগুলো ভূপাতিত করতে এলএমজি দিয়ে ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়; গুলির শব্দে ড্রোনগুলো দ্রুত এলাকা ছেড়ে দূরে সরে যায়। পাহাড়ের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অদৃশ্য শক্তি অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি বলেন, সীমান্তে নিরাপত্তা বজায় রাখা ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং সব বিওপিকে প্রস্তুত রাখা হয়েছে। তবে ড্রোনগুলোর উৎস, পরিচালনাকারী বা গুলিতে সেগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সাম্প্রতিক দিনগুলোতে বাঘাইছড়ির সাজেক ও মিজোরাম সীমান্তের দুর্গম অঞ্চলে নজরদারি জোরদার করেছে বিজিবি। প্রায় ১৫১ কিলোমিটার বিস্তৃত এই সীমান্ত এলাকায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা দিন-রাত টহল কার্যক্রম অব্যাহত রেখেছেন।



