রাজধানীর পুরান ঢাকার টিকাটুলিতে ‘হোটেল ওসমানী ইন্টারন্যাশনাল’-এ গভীর রাতে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনায় হোটেলটির ব্যবস্থাপক নাঈমুর রহমান (২৩) নিহত হয়েছেন। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন হোটেলের মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক (৫০) এবং কর্মী মো. হাসান (২৬)। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জয়কালী মন্দিরের পাশে অবস্থিত ওই আবাসিক হোটেলে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হোটেলটির ঠিক সামনেই এনায়েত কাজী নামের এক ব্যক্তির মুরগির দোকান রয়েছে। ঘটনার রাতে দোকান থেকে একটি মুরগি হোটেলের ভেতরে ঢুকে দোতলায় উঠে যায়। এ নিয়ে হোটেলকর্মীদের সঙ্গে দোকানমালিক এনায়েত ও তাঁর ছেলে ইরান কাজীর বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে বাবা ও ছেলে ধারালো ছুরি নিয়ে ব্যবস্থাপক নাঈমুরের ওপর ঝাঁপিয়ে পড়েন। তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক ও কর্মী হাসানকেও কুপিয়ে জখম করা হয়।

বিজ্ঞাপন · inarticle_1

রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ভোররাত চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন। নিহত নাঈমুর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মো. গোলাম মোস্তফার ছেলে। বর্তমানে গুরুতর আহত আবদুর রাজ্জাক ও হাসান হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার নেপথ্যে ভিন্ন কারণও সামনে এনেছেন নিহতের স্বজনেরা। নাঈমুরের খালাতো ভাই সাব্বির আহমেদের অভিযোগ, স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে সখ্য থাকা এনায়েত কাজী বেশ কিছুদিন ধরে হোটেল কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়েই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে, চিকিৎসাধীন আবদুর রাজ্জাকের নাতি মো. জুবায়েরও পূর্বশত্রুতার জেরে এনায়েত ও তাঁর ছেলে ইরানের বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ করেছেন।

পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে মুরগি ঢোকাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে হামলার বিষয়টি জানা গেছে। হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত এনায়েত ও ইরানকে শনাক্ত করা হয়েছে। ঘটনার পরপরই তাঁরা পালিয়ে গেছেন এবং তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।