বরিশালের উজিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড-সংলগ্ন ওই কার্যালয়ে এই বিস্ফোরণ ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি ব্যাংকের সামনে এসে থামেন। তারা কাচের বোতলে তৈরি তিনটি পেট্রলবোমা কার্যালয়ের সিঁড়িতে ছুড়ে মেরে বিস্ফোরণ ঘটান এবং দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন। এতে ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

বিজ্ঞাপন · inarticle_1

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

ওসি আরও বলেন, এ ঘটনার পর উজিরপুর উপজেলার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা ও কার্যালয়ের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাও পুলিশের নজরদারির মধ্যে রাখা হয়েছে এবং নিরাপত্তা বজায় রাখতে পুলিশ সতর্ক রয়েছে।