বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকট এই বিস্ফোরণে পুরো আদালতপাড়ায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মো. নয়ন নামে একজন আইনজীবী আহত হন।
বিস্ফোরণের পরপরই উপস্থিত সহকর্মী ও স্থানীয়রা আহত আইনজীবী মো. নয়নকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। একই সময়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাজীব বোস নামে এক যুবককে হাতেনাতে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করেন আদালত প্রাঙ্গণে থাকা আইনজীবী ও সাধারণ মানুষ।
সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের পর উপস্থিত লোকজন সন্দেহভাজন হিসেবে রাজীব বোসকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল। তিনি সাংবাদিকদের জানান, প্রাথমিক তথ্যানুযায়ী সিএমএম আদালত ভবনের ওপর থেকে ককটেলটি নিচে ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের কাজ শুরু হয়েছে এবং আটককৃত যুবককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ককটেল বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে ঢাকা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় সমিতির দপ্তর সম্পাদক মো. আবজাল হোসাইন মৃধা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেন, আদালত অঙ্গনে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যেই স্বৈরাচারী হাসিনার দোসররা এই হামলা চালিয়েছে। যেকোনো মূল্যে এ ধরনের নাশকতা শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তিনি।



