স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানের গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আরও দুই পুলিশ কর্মকর্তাকে আটক করেছে। গত বুধবার গাজীপুর ও নোয়াখালী এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের একজন হলেন ২৫তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এবং অপরজন ৩৩তম বিসিএসের কর্মকর্তা মো. রাকিবুল হাসান। জানা গেছে, আবুল কালাম আজাদের গ্রামের বাড়ি ঝালকাঠি সদরে এবং রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে।

বিজ্ঞাপন · inarticle_1

গোয়েন্দা সূত্রের তথ্যমতে, আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে কর্মরত ছিলেন এবং তাকে গাজীপুর থেকে আটক করা হয়। অন্যদিকে, রাকিবুল হাসানকে নোয়াখালীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম দুই কর্মকর্তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আবুল কালাম আজাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় রিকুইজিশন থাকায় আটকের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। আর রাকিবুল হাসানকে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে সোমবার গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এসআরবি-১৪ ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে আটক করেছিল ডিবি।