মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে চরডুমুরিয়া ও সামারচর এলাকায় রহিম মোল্লা এবং আওলাদ হোসেন মোল্লা গ্রুপের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাধে। এতে সেলিম মোল্লা (৪০) নামে একজন নিহত এবং শিশুসহ অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। এ ছাড়া প্রাণ বাঁচাতে মেঘনার শাখা নদীতে ঝাঁপ দিলে আলমগীর দালাল (৪৫) নামে আরও একজন নিখোঁজ হন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন মোল্লা এবং একই দলের রাজনীতির সাথে জড়িত রহিম মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলছিল। গত সপ্তাহেও তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে বৃহস্পতিবার ভোরে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সেলিমসহ বেশ কয়েকজন গুরুতর আহত হলে তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। নিহত সেলিমের মরদেহ বর্তমানে ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণে চার বছর বয়সী শিশু আব্দুর রহিমের পেটে স্প্লিন্টার বিদ্ধ হয়ে গুরুতর জখম হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে, হামলার মুখে প্রাণ বাঁচাতে এক পক্ষের ১৫ থেকে ২০ জন পাশের আধারা ইউনিয়নের সোলারচর গ্রামে আশ্রয় নিতে চৈতারচর এলাকার মেঘনার শাখা নদীতে ঝাঁপ দেন। বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও আলমগীর দালাল পানিতে তলিয়ে নিখোঁজ হন। বর্তমানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় গ্রামবাসী জাল ফেলে তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত আওলাদ হোসেন মোল্লা ও রহিম মোল্লার কোনো বক্তব্য পাওয়া যায়নি। মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকার আধিপত্য ও নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং চৈতারচর খালে একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, গত এক থেকে দেড় বছরে মোল্লাকান্দিতে এই দুই পক্ষের আধিপত্যের লড়াইয়ে অন্তত ১৫ থেকে ২০ বার সংঘর্ষ ও পাঁচ শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যাতে একাধিক প্রাণহানিসহ শতাধিক মানুষ আহত হয়েছেন।



