ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে কয়েকটি কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তারা ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারী যাত্রীরা। চলমান এই শ্রমিক অসন্তোষের জেরে মহানগরীর ১০টি কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরেই গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে। এর আগে মঙ্গলবারও কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা এবং শ্রীপুর উপজেলার বেশ কয়েকটি এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। তারই ধারাবাহিকতায় বুধবার সকালে পুনরায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। অন্যদিকে, মহানগরীর কোনাবাড়ী এলাকার দুটি কারখানার শ্রমিকেরাও এদিন বিক্ষোভ প্রদর্শন করেন, তবে তারা মহাসড়কে অবস্থান নেননি।
মহাসড়ক অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে অবরোধ অব্যাহত রাখলে সকাল সোয়া ৯টার দিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে শ্রমিকেরা পুনরায় হারিকেন এলাকায় অবস্থান নেন।
সার্বিক বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক আন্দোলনের প্রেক্ষিতে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে।



