আতঙ্ক সৃষ্টি করতে রাতের আঁধারে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে

নাটোরের বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান ফটকের সামনে গভীর রাতে তিনটি পেট্রলবোমাসদৃশ বস্তু নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীর রাতে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এই হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়। আকস্মিক এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও আল্লাহর রহমতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ব্যাংকেরও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত আনুমানিক ২টা ২৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত ওই ব্যাংকের প্রধান ফটকের সামনে এসে উপস্থিত হয়। মুহূর্তের মধ্যেই তারা পরপর তিনটি পেট্রলবোমাসদৃশ বস্তু ফটকের দিকে ছুড়ে মারে এবং দ্রুত এলাকা ত্যাগ করে। মোটরসাইকেলের বিকট শব্দে ব্যাংক ভবনের পাশের কক্ষে অবস্থানরত নৈশপ্রহরীসহ অন্য কর্মচারীরা দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন।

বিজ্ঞাপন · inarticle_1

বাইরে এসে তারা দেখেন, প্রধান ফটক ও ভবনের সংযোগস্থলের মাঝখানে একটি প্লাস্টিকের বোতলের মুখে থাকা কাপড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ ছাড়াও তার পাশেই আরও দুটি কাচের বোতল অক্ষত অবস্থায় পড়ে ছিল। ব্যাংকের সাহসী কর্মীরা নিজেরাই দ্রুত বালি ও পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন এবং সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন আলামত জব্দ করে এবং উপস্থিত কর্মচারীদের কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন।

শাখা ব্যবস্থাপক মো. শফিউল হাসান জানান, ঘটনার সময় ব্যাংকের পাশের কক্ষে তিনজন কর্মচারী ঘুমাচ্ছিলেন। বিকট শব্দ এবং আগুনের শিখা দেখে তাঁরা দ্রুত সজাগ হন। ইতিমধ্যে বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং তাদের পরবর্তী নির্দেশনা অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, মূলত আতঙ্ক সৃষ্টির অসৎ উদ্দেশ্যে কেউ বা কারা এই নাশকতা ঘটিয়ে থাকতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।