রাজধানীর কাফরুল এলাকায় নারী পোশাকশ্রমিকদের ‘লাঞ্ছিত’ করার অভিযোগ ঘিরে শ্রমিক ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১৪ নম্বর সংলগ্ন লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোড স্টার ও মিড এশিয়া ফ্যাশন কারখানার পাঁচ হাজারেরও বেশি শ্রমিক সকালে কাজ বন্ধ করে পাশের জকি, ভিশন ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন এবং সেসব কারখানার শ্রমিকদের বাইরে বের করে আনেন। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

বিজ্ঞাপন · inarticle_1

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বেলা সোয়া ১০টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার জাহিদুল ইসলাম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ, ছাঁটাই বন্ধ ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাম্প্রতিক সময়ে মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। চলমান এই আন্দোলনের প্রেক্ষাপটে সরকার গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করলেও শিল্পাঞ্চলগুলোর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।