কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে মোবারক হোসেন নামে এক কবিরাজকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে বিচারক তাকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন।
বুধবার দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়াছির আরাফাত এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের এপিপি আবদুল মোতালেব মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন
দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের বাসিন্দা এবং কুমিল্লা নগরীর বাগিচাগাঁওয়ে থাকতেন। ঝাড়ফুঁক ও কবিরাজির পাশাপাশি তিনি বাবুস সালাম জামে মসজিদের খাদেম ছিলেন।
২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার ভাড়া বাসা থেকে কুবির লোক প্রশাসন বিভাগের ছাত্রী সুমাইয়া ও তার মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার দিনই গ্রেপ্তার হওয়ার পর দিন আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন মোবারক। জবানবন্দি শেষে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, ঝাড়ফুঁকের সূত্রে সুমাইয়ার পরিবারের সঙ্গে মোবারকের পরিচয় হয়। ঘটনার আগের প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় নিয়মিত যাতায়াত করতেন।
স্বীকারোক্তিতে মোবারক জানান, ঝাড়ফুঁকের সময় সুমাইয়াকে ধর্ষণের চেষ্টা করলে তার মা দেখে ফেলেন। বাধা দেওয়ায় প্রথমে মাকে এবং পরে সুমাইয়াকে শ্বাসরোধে হত্যা করেন তিনি।



