মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের একটি ফাঁকা বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিটির চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। তবে রেলওয়ে কর্মী, স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। নির্দিষ্ট সময় মেনেই ট্রেনটি ঢাকার উদ্দেশে স্টেশন ছেড়ে গেছে।

রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছানোর পর সব যাত্রী নেমে যান। এরপর গার্ড ও কর্মীরা নাশতা করতে বাইরে গেলে বগিটি ফাঁকা ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে থাকা ‘ড’ বগিতে আগুন ধরিয়ে দেয়।

বিজ্ঞাপন · inarticle_1

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত মাস্টার এ এন এম নুরুল আমিন চৌধুরী স্থানীয় লোকজন ও মসজিদের মুসল্লিদের সহায়তায় দ্রুত আগুন নেভান। আগুনে বগির ৫, ৬, ১১ ও ১২ নম্বর আসনের রেক্সিন ক্ষতিগ্রস্ত হয়েছে। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, যে বগিতে আগুন দেওয়া হয়েছে তা সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে থাকায় ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।