কুষ্টিয়া শহরের থানা পাড়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় জাকিয়া সুলতানা (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে অপরাধ দমন ও বিচার নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের দায়িত্ব নিয়ে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, জামিনে মুক্তি পেয়ে অপরাধে পুনরায় জড়িয়ে পড়ার মতো বিষয়গুলো আমাদের গভীরভাবে বিবেচনা করতে হবে। কুষ্টিয়ার এ ঘটনায় অভিযুক্ত ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন।

বিজ্ঞাপন · inarticle_1

রাষ্ট্রের ক্ষমতার পৃথকীকরণের ওপর জোর দিয়ে তিনি আরও জানান, বিচার বিভাগ তার নিজস্ব স্বাধীন কাঠামোর মধ্য দিয়ে পরিচালিত হয় এবং অনেক আইনি লড়াই ও রিটে সরকারের হেরে যাওয়ার ঘটনা থেকেই এর স্বাধীন ভূমিকা স্পষ্ট হয়। পাশাপাশি, অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধ করা, অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা এবং যথাযথ তদন্ত নিশ্চিত করাই সরকারের মূল দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।