রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের কার্যালয়ে গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সাবেক শীর্ষ নেতাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। অবরুদ্ধ থাকা দুজন হলেন- রামেক শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি ডা. শুভ সরকার এবং সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা।
হাসপাতাল কর্তৃপক্ষ গোপনে ছাত্রলীগকে সহায়তা করছে—এমন অভিযোগে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও চিকিৎসকরা পরিচালকের দপ্তরের সামনে চত্বরজুড়ে প্রতিবাদ শুরু করেছেন।
দুই সাবেক ছাত্রনেতাকে ঘিরে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি তৈরি হওয়ায় শৃঙ্খলা বজায় রাখতে হাসপাতাল প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, তারা ২ বছরের জন্য বহিষ্কৃত ছিল। আজ ইন্টার্নশিপের আবেদনের জন্য এসেছিল। পরিচালকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার সময় অবরুদ্ধ হয় তারা। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের রাজপাড়া থানায় হস্তান্তরের কার্যক্রম শুরু করেছে।



