দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর ও সাতটি জেলায় মোট ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবির তথ্যমতে, ঢাকা জেলায় ১৮ প্লাটুন এবং ঢাকা মহানগর এলাকায় ৫ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া সর্বোচ্চ ২৯ প্লাটুন মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে এবং গাজীপুরে রয়েছেন ১৫ প্লাটুন। পাশাপাশি নারায়ণগঞ্জ ও কক্সবাজারে ৬ প্লাটুন করে, ফরিদপুরে ৫ প্লাটুন এবং ময়মনসিংহে ২ প্লাটুন বিজিবি সদস্য মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন।

বিজ্ঞাপন · inarticle_1

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মোতায়েনকৃত এই সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা যায়।

মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে তদারকির জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। এর অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্বের পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা সচল রাখতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।