চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সড়ক অবরোধের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে এবং ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মামলাটি করেন, যার তদন্তভার পেয়েছেন এসআই মো. ফারুক হোসেন। গ্রেপ্তার হওয়া সাতজন হলেন—আনোয়ারা সদরের শাখাওয়াত হোসেন ওরফে হামিম (২২), মো. তারেক (১৯), ফারহান মাহমুদ (১৯), চাতরীর মো. আবু তৈয়ব (৪৪), হাইলধরের মো. হাবিবুর রহমান (২৮), বাঁশখালীর সাধনপুরের আবদুল মাহিদ (১৯) এবং কর্ণফুলীর চরপাথরঘাটার সাইদুল ইসলাম ওরফে সাইমন (২০)। শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন · inarticle_1

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার ভোর ৪টা ৫ মিনিটের দিকে চাতরী বাজার সংলগ্ন বাঁশখালী-চট্টগ্রাম সড়কের পাশে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একদল লোক সরকারবিরোধী স্লোগান দিয়ে নাশকতার চেষ্টা চালায়। ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে লাঠিসোঁটা, রড, দা ও কিরিচ নিয়ে মিছিলকারীরা পুলিশ বক্সের ভেতরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুনে বক্সের ভেতরের একটি চেয়ার পুড়ে যায় এবং কাচ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। এর আগে বুধবার দিবাগত রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পৈতৃক বাড়ির কাছের সড়কেও হেলমেট ও মুখোশ পরা ২০-৩০ জনের একটি দল ঝটিকা মিছিল করে। তারা সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ও গাছ কেটে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা চালায়, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ধাওয়া করে ওই সাতজনকে আটক করে এবং ঘটনাস্থল থেকে ১৫টি বাঁশের লাঠি, ৩০টি ইটের টুকরা ও একটি দেশীয় লোহার দা জব্দ করে।

এই মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের বেশ কয়েকজন নেতাকে আসামি করা হয়েছে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে দেশে ও বিদেশে অবস্থানরত পলাতক অভিযুক্তদের অর্থায়ন ও মদতে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এই নাশকতা চালানো হয়েছিল। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।