বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটকরা টেকনাফের উদ্দেশ্যে ফিরতে শুরু করেছেন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে সার্ভিস ট্রলারে করে তারা সেন্টমার্টিন জেটিঘাট ছেড়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাগর উত্তাল থাকায় এবং সতর্কসংকেত জারি হওয়ায় গত ১৯ নভেম্বর থেকে সেন্টমার্টিন-কক্সবাজার ও সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। এর ফলে আগে থেকেই দ্বীপে ভ্রমণে যাওয়া দেড় হাজারেরও বেশি পর্যটক সেখানে আটকা পড়েন। আটকে পড়াদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৫ জন এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩১ জনসহ মোট ৯৬ জন শিক্ষক-শিক্ষার্থীও ছিলেন।

বিজ্ঞাপন · inarticle_1

সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, শনিবার সকাল থেকে তিনটি থেকে পাঁচটি সার্ভিস ট্রলারে করে ফিরতে ইচ্ছুক পর্যটকদের টেকনাফে নিয়ে যাওয়া হচ্ছে।

এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম নিশ্চিত করেছেন যে, যারা দ্বীপ ছাড়তে আগ্রহী তারা ট্রলারযোগে রওনা হয়েছেন এবং তারা নিরাপদে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে গিয়ে পৌঁছাবেন।