নওগাঁ শহরের বাইপাস সড়ক এলাকার গাবতলী মোড়ে পার্কিং করে রাখা দুটি যাত্রীবাহী বাসে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গাবতলী মোড়ে ‘আল বারাকা’ পরিবহনের তিনটি বাস পাশাপাশি রাখা ছিল। হঠাৎ মাঝরাত্রে এর মধ্যে দুটি বাসে একযোগে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বাস দুটি ততক্ষণে ক্ষতিগ্রস্ত হয়।

বিজ্ঞাপন · inarticle_1

প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, বাসের ভেতরে জ্বালানো মশার কয়েল থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ঘটনাটি আরও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।