পদ্মা সেতুর জাজিরা প্রান্তে গভীর রাতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সড়ক অবরোধ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রায় ৭০০ থেকে ৮০০ বিক্ষোভকারী লগি-বৈঠা হাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও টোলপ্লাজা অবরুদ্ধ করে রাখলে তীব্র যানজট ও যাত্রী আতঙ্ক সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ঢাকার সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যান চলাচল স্বাভাবিক হয়।

সোমবার গভীর রাত সাড়ে ১২টার দিকে শরীয়তপুরের জাজিরায় নাওডোবা এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জমায়েত হয়ে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরুদ্ধ করে। এ সময় লগি-বৈঠা হাতে কয়েক শ বিক্ষোভকারী 'জয় বাংলা' ও 'জয় বঙ্গবন্ধু' স্লোগান দিয়ে সড়কে অবস্থান নেয়। অবরোধ চলাকালে পর পর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা দুটি ট্রাক ভাঙচুর করা হয়।

বিজ্ঞাপন · inarticle_1

অভিযোগ উঠে, শরীয়তপুর-১ আসনের সাবেক এমপি ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবাল এবং শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবরের নেতৃত্বে এই অবরোধ পরিচালিত হয়। একাধিক ফেসবুক আইডি থেকে ঘটনাটি সরাসরি সম্প্রচার করা হয়েছিল। বিক্ষোভের কারণে রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত প্রায় এক ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে সেতুর ওপর ও আশপাশের এলাকায় শত শত গাড়ি আটকে তীব্র যানজট তৈরি হয়।

গুরুত্বপূর্ণ এই সেনাবেষ্টিত এলাকায় গভীর রাতের আকস্মিক তাণ্ডবে সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ প্রধান ফটক বন্ধ করে ভেতরে অবস্থান নেয়। পরবর্তীতে শিবচর হাইওয়ে থানা, জেলা পুলিশ এবং পদ্মা সেতু দক্ষিণ থানা যৌথ অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে আড়াইটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ নিশ্চিত করেছে যে, তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ১০ নভেম্বর দেশব্যাপী অবরোধের ডাক দিয়েছিল, যার জেরে শরীয়তপুরের নাওডোবা এলাকায় আগের দিন থেকেই নেতা-কর্মীদের সমাগমের গুঞ্জন ছিল। আগের দিন সন্ধ্যায় নাওডোবায় অভিযান চালিয়ে পুলিশ একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করে। রাজনৈতিক এমন চরম উত্তেজনা ও খিচুড়ি জব্দের কয়েক ঘণ্টার মধ্যেই গভীর রাতে এই বড় ধরনের অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।