পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির আন্দোলনে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। একই সাথে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ সদস্য ও বিএনপি নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই এই বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
এর আগে সোমবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়, যার ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সাধারণ পথচারী ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে কেউ যাতে কারখানা, যানবাহন বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে কড়া নজরদারি চলছে। একই সাথে আন্দোলনকারী শ্রমিকদের বুঝিয়ে শান্ত রাখার এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় আবুল কালাম বলেন, শ্রমিকদের দাবির সমাধান আলোচনার মাধ্যমেই সম্ভব। তবে শ্রমিক আন্দোলনের আড়ালে দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করার ষড়যন্ত্র সহ্য করা হবে না।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। অন্যদিকে জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, সার্বিক নিরাপত্তা ও শান্তি রক্ষায় বিজিবি, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা সক্রিয় দায়িত্ব পালন করছেন।



