বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ অবশেষে ভারতের দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি উপকূলীয় এলাকায় অবস্থান করলেও ধীরে ধীরে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড়টির পরোক্ষ প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়ায় পরিবর্তন দেখা দিয়েছে। আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীদমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আজ দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

বিজ্ঞাপন · inarticle_1

পরবর্তী দিনগুলোর আবহাওয়ার চিত্র তুলে ধরে অধিদপ্তর জানায়, বুধবার থেকে দেশজুড়ে বৃষ্টির প্রবণতা কমবে। তবে বুধ ও বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে। বিশেষ করে বৃহস্পতিবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

সপ্তাহের শেষভাগে অর্থাৎ শুক্রবার ও শনিবার সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে, যা শীতের আগমনী বার্তা স্পষ্ট করে তুলবে।

উপকূলীয় এলাকার বাসিন্দাদের আবহাওয়া সংক্রান্ত আপডেট খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়েছে।