রাশিয়া থেকে আসা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনটি বিশেষায়িত লরিতে করে এই চালানটি প্রকল্প এলাকায় নিয়ে যাওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রমতে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে রওনা দেয়। সেনাবাহিনী, এসআরবি ও পুলিশসহ বিভিন্ন বাহিনীর কড়া পাহারায় সড়কপথে জ্বালানিগুলো গন্তব্যে পৌঁছায়। বহরের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ঢাকা থেকে রূপপুর পর্যন্ত মহাসড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং সংশ্লিষ্ট জেলাগুলোর পুলিশ ও প্রশাসন সতর্ক অবস্থানে ছিল।

বিজ্ঞাপন · inarticle_1

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আনার কথা রয়েছে। এর মধ্যে বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনা হবে।

এর আগে গত ১৭ নভেম্বর রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। প্রকল্পসংশ্লিষ্টরা আশা করছেন, প্রয়োজনীয় সব পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে শেষে আগামী জানুয়ারি মাস থেকেই জাতীয় গ্রিডে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে।