ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সাভারের উলাইল ও হেমায়েতপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনে পুলিশ-শ্রমিক দফায় দফায় ভয়াবহ সংঘর্ষ ঘটেছে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালালে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।

সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হলে তীব্র যানজট ও যাত্রী ভোগান্তির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে আশপাশের পোশাক কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

সহিংসতায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম, পুলিশ সদস্য, সাংবাদিক ও শ্রমিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ওসিকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিয়ন্ত্রণে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রশাসন জানায়, অস্থিতিশীলতা রোধে শক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।