দেশের তৈরি পোশাক খাতসহ অন্যান্য প্রধান শিল্পাঞ্চলগুলোর সার্বিক নিরাপত্তা বিধান, সম্পদের সুরক্ষা প্রদান এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে রাজধানী ঢাকাসহ আশপাশের প্রধান শিল্প এলাকাগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, শিল্পাঞ্চলগুলোর গুরুত্ব, কারখানার ঘনত্ব এবং নিরাপত্তার ঝুঁকি বিবেচনা করে কৌশলগতভাবে সদস্যদের ভাগ করে মাঠে নামানো হয়েছে। পোশাক কারখানা ও শিল্পপ্রতিষ্ঠানের সর্বোচ্চ ঘনবসতি হওয়ায় সাভার ও আশুলিয়া এলাকায় সর্ব্বোচ্চ ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। গাজীপুরের প্রধান প্রধান কারখানা এলাকাগুলোতে নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন ১০ প্লাটুন সদস্য। নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প পয়েন্টে ৯ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া ঝুঁকি এড়াতে সেখানে ২টি বিশেষ টহল দল সার্বক্ষণিক কাজ করছে। ঢাকার মিরপুরসহ পোশাক কারখানা সংলগ্ন এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখতে এবং যেকোনো দ্রুত ব্যবস্থা নিতে বিজিবি প্রযুক্তিভিত্তিক আধুনিক পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করেছে। মাঠপর্যায়ে টহলরত সদস্যদের শরীরে 'বডি-ওর্ন ক্যামেরা' যুক্ত করা হয়েছে এবং স্পর্শকাতর এলাকাগুলোতে অত্যাধুনিক ড্রোন উড়িয়ে লাইভ ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে এই সমস্ত ডিভাইসের মাধ্যমে আসা সরাসরি ফুটেজ বিশ্লেষণ ও ক্ষেত্রবিশেষে মাঠপর্যায়ের বিজিবি সদস্যদের তাৎক্ষণিক দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পপ্রতিষ্ঠানের সম্পত্তির সুরক্ষা, পোশাক শ্রমিকদের নিরাপত্তা বিধান, যেকোনো ধরনের উসকানি বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখাই এই বিশেষ মোতায়েনের মূল উদ্দেশ্য। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প এলাকাগুলোতে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ টহল অব্যাহত থাকবে।



