চলমান শ্রমিক অসন্তোষ মোকাবিলা এবং শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া এবং নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতেও তাদের উপস্থিতি জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এর অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং বিশেষ ডিভাইসের মাধ্যমে সংগৃহীত ভিডিও ফুটেজ সার্বক্ষণিক বিশ্লেষণ করা হচ্ছে বলে সদর দপ্তর থেকে জানানো হয়েছে।
এদিকে, ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। এর ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অন্যদিকে, চলমান অসন্তোষ ও কর্মবিরতির জেরে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ৪০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ এবং আরও সাতটি কারখানায় একদিনের সাধারণ ছুটি দেওয়া হয়েছে।



