বকেয়া গ্র্যাচুইটি ও সার্ভিস বেনিফিটসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি শুরু করেছেন। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল আটটা থেকে শুরু হওয়া এই আন্দোলনের ফলে বেসরকারি প্রতিষ্ঠানটির অধীনে থাকা সব ধরনের পণ্য ও কনটেইনার ওঠা-নামার কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে দেশের প্রধান এই সমুদ্রবন্দরের স্বাভাবিক কার্যক্রমে মারাত্মক অচলাবস্থা দেখা দিয়েছে।

‘চট্টগ্রাম বন্দরে কর্মরত সাইফ পাওয়ারটেক লিমিটেডের দীর্ঘদিনের বঞ্চিত সব শ্রমিক-কর্মচারীবৃন্দ’ ব্যানারে আন্দোলনকারীরা বন্দর চত্বরে মানববন্ধন করে তাদের পাঁচটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—সম্পূর্ণ বকেয়া গ্র্যাচুইটি ও সার্ভিস বেনিফিট পরিশোধ, অব্যবহৃত অর্জিত ছুটির নগদ অর্থ প্রদান, কোভিড-১৯ মহামারির সময় দায়িত্ব পালনের ঝুঁকি ভাতা এবং দীর্ঘ চাকরিজীবনের আইনগত সব প্রাপ্য নিশ্চিত করা। এ সময় আন্দোলনকারীরা আর কোনো মৌখিক আশ্বাসের বদলে দ্রুত ন্যায্য পাওনা পরিশোধের নিশ্চয়তা দাবি করেন।

বিজ্ঞাপন · inarticle_1

গত ২ নভেম্বর চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনায় সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হলে নতুন অপারেটর নিয়োগের আগ পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) তা আরও তিন সপ্তাহ বাড়ায়। বর্ধিত এই সাময়িক মেয়াদও শেষ হয়ে আসায় শ্রমিকদের মধ্যে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, প্রতিষ্ঠানের দায়িত্ব শেষ হয়ে গেলে দীর্ঘদিনের এই আর্থিক পাওনাগুলো আর আদায় হবে না।

এদিকে বন্দর ব্যবহারকারী ও শিপিং এজেন্টরা আশঙ্কা করছেন, এই কর্মবিরতি দ্রুত নিরসন না হলে বন্দরে ভয়াবহ কনটেইনার জট তৈরি হবে এবং জাহাজ চলাচল ব্যাহত হয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যে বড় ধরনের বিলম্ব ঘটবে। তবে চলমান এই সংকট ও শ্রমিকদের দাবির বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিংবা সাইফ পাওয়ারটেকের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।