দেশের সরকারি কর্মচারীদের চিকিৎসাসেবা ও চিকিৎসাশিক্ষার সুযোগ আরও প্রসারিত করতে রাজধানী ঢাকায় নতুন একটি মেডিকেল কলেজ স্থাপনের সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ঢাকার ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ স্থাপনের এই মঞ্জুরি জ্ঞাপন করা হয়।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং উপসচিব মো. জাহিদ হাসান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে সরকারি কর্মচারীদের উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসাশিক্ষার পরিধি আরও বৃদ্ধি পাবে। আদেশ জারির পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনটির অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তর এবং চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।



