চট্টগ্রাম নগরের নিউ মনসুরাবাদ ও সাগরিকা এলাকায় গভীর রাত ও ভোরে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনা দুটি ঘটে সোমবার রাত পৌনে চারটা এবং মঙ্গলবার ভোর পাঁচটার দিকে। ফায়ার সার্ভিসের দুটি করে গাড়ি পৃথক দুটি স্থানে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের সময়ে কোনো বাসেই চালক বা যাত্রী উপস্থিত ছিলেন না, ফলে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুড়ে যাওয়া দুটি বাসই 'নিহাল এন্টারপ্রাইজ' নামের একটি পরিবহনকারী প্রতিষ্ঠানের।

পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার জানান, সাগরিকা এলাকার শফি মোটরসের সামনে পার্ক করা বাসটি পোশাক কারখানার শ্রমিক বহনে ব্যবহৃত হতো। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের খুঁজে বের করার জোর চেষ্টা চালানো হচ্ছে। তবে নিউ মনসুরাবাদের ঘটনাটির বিষয়ে আকবর শাহ থানার ওসি কোনো বাসে আগুন দেওয়ার খবর পাননি বলে দাবি করেন।

উল্লেখ্য, এর আগের দিন রোববার রাতেও নগরের কালুরঘাট এলাকায় একটি বাসে আগুন ও নিউমার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

বিজ্ঞাপন · inarticle_1