বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্টভাবে বলেছেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আর ঋণ নয়, বরং অনুদান প্রয়োজন। একই সঙ্গে এসব দেশের জন্য নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বক্তব্যের শুরুতে তিনি কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকার এবং আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান।
ভাষণে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন, ঋণ-ত্রাণ, প্রযুক্তি হস্তান্তর ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরসহ পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা নীতির আলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নিতে হবে।”
বাংলাদেশের অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ, অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে বিবেচনা করছে বলেও উল্লেখ করেন তিনি।
পরিবেশ রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট-জিরো নির্গমন অর্জনের লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে উৎসাহ দেওয়া হচ্ছে। এছাড়া বর্তমানে দেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। সরকার বৈদ্যুতিক যানবাহন সম্প্রসারণ, পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরিতে কাজ করছে।
পাশাপাশি আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ, পদ্মা ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন, ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং উপকূলীয় জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগের কথাও ভাষণে তুলে ধরেন তিনি।
বিদ্যমান বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থাকে অপর্যাপ্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির ওপর বড় চাপ সৃষ্টি করছে, যার সঙ্গে যুক্ত হয়েছে ক্রমবর্ধমান ঋণ পরিশোধের বোঝা। এই প্রেক্ষাপটে তিনি পাঁচটি প্রস্তাব পেশ করেন—
১. আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে। ২. জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো উদ্যোগসহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে। ৩. পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। ৪. সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের গতি বাড়াতে হবে। ৫. কপ-৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে একটি ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে।
এছাড়া জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। পরিশেষে, প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করে বৈশ্বিক সংহতির মাধ্যমে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি।


