বিশ্বজুড়ে সরকারগুলোর দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা এবং কার্বন নিঃসরণ কমাতে ব্যর্থতার কারণে পৃথিবী এক ‘অপূরণীয় তাপমাত্রা বৃদ্ধির’ (ইররিকভারেবল ওভারশুট) দিকে এগিয়ে যাচ্ছে। নতুন এক আন্তর্জাতিক বিশ্লেষণে সতর্ক করা হয়েছে, এর ফলে বিশ্বের শত শত কোটি মানুষ ভয়াবহ ও বিপর্যয়কর জলবায়ু পরিবর্তনের কবলে পড়বে।
আন্তর্জাতিক গবেষণা সংস্থা ‘ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকার’ (সিএটি)-এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান জলবায়ু নীতি অব্যাহত থাকলে চলতি শতাব্দীর শেষ নাগাদ পৃথিবীর গড় তাপমাত্রা প্রাক-শিল্প যুগের তুলনায় ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। গত বছর সংস্থাটির পূর্বাভাসে এই বৃদ্ধির হার ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ধরা হয়েছিল।
এক দশক আগে প্যারিস জলবায়ু চুক্তিতে বিশ্বনেতারা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার যে অঙ্গীকার করেছিলেন, বর্তমান প্রবণতায় আগামী কয়েক বছরের মধ্যেই সেই সীমা ভেঙে যাবে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, তাপমাত্রা এই সীমা অতিক্রম করলে ঘূর্ণিঝড়, খরা, তীব্র তাপপ্রবাহ ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ বিশ্বের অনেক অঞ্চলের জন্য অসহনীয় হয়ে উঠবে এবং জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।
এদিকে জলবায়ু সংকট মোকাবিলায় তুরস্কের আনতালিয়া শহরে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ) সমবেত হয়েছেন বিশ্বনেতারা, যদিও এতে যুক্তরাষ্ট্র অংশ নেয়নি। সম্মেলনে মঙ্গলবার (১০ নভেম্বর) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, তাপমাত্রা বৃদ্ধির এই ভয়াবহ বাস্তবতা সরকারগুলোকে জলবায়ু সংকটের মূল কারণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত বন্ধ করতে বাধ্য করা উচিত।
সিএটি-র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশগুলো যদি এখনই কার্বন নিঃসরণ কমাতে কঠোর পদক্ষেপ নেয়, তবে ভবিষ্যতের এই ভয়াবহতা কিছুটা কমানো সম্ভব। তবে সবচেয়ে আশাবাদী পরিস্থিতিতেও—অর্থাৎ দেশগুলো তাদের দেওয়া সব দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি ও লক্ষ্যমাত্রা পূরণ করলেও—শতাব্দী শেষে পৃথিবীর তাপমাত্রা ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ দেশই তাদের দেওয়া প্রতিশ্রুতি নিয়মিত ভঙ্গ করছে, যা বিশ্বনেতাদের এক কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে।
সিএটি-র অংশীদার সংস্থা ‘ক্লাইমেট অ্যানালিটিক্স’-এর প্রধান নির্বাহী বিল হেয়ার বলেন, সরকারগুলোর সামনে এখন দুটি পথ খোলা—হয় জীবাশ্ম জ্বালানি শিল্পকে সমর্থন দিয়ে মানবজাতিকে অপূরণীয় অর্থনৈতিক ক্ষতি ও তাপজনিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, অথবা সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানির পথে হাঁটা। তিনি আরও বলেন, ১ দশমিক ৫ ডিগ্রি সীমা অতিক্রম করা মানেই হাল ছেড়ে দেওয়া নয়; কারণ তাপমাত্রার প্রতিটি ক্ষুদ্র বৃদ্ধিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিবেদনে হতাশার পাশাপাশি কিছু আশার আলোও দেখানো হয়েছে। চলতি বছর বৈশ্বিক কার্বন দূষণ সামান্য কমতে পারে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এখন জীবাশ্ম জ্বালানির তুলনায় দ্বিগুণ হয়েছে, বৈদ্যুতিক গাড়ির ব্যবহার দ্রুত বাড়ছে এবং ব্রাজিলের আমাজন বনাঞ্চল উজাড়ের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
তবে বিপর্যয় এড়াতে আরও অনেক বেশি পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার আনতালিয়া সম্মেলনে যোগ দিয়ে সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ সতর্ক করে বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় ব্যর্থতার কারণে আমাদের প্রিয় সবকিছু এবং প্রতিটি মানুষ আজ চরম ঝুঁকির মুখে।
সিএটি প্রতিবেদনের প্রধান লেখক সারাহ হেক বলেন, তাপমাত্রা বৃদ্ধির এই ফাঁদ থেকে বেরিয়ে আসার জন্য সরকারগুলো যথেষ্ট দ্রুতগতিতে নীতি গ্রহণ করছে না। বরং যুক্তরাষ্ট্র, কানাডা এবং নিউজিল্যান্ডের মতো কিছু দেশ তাদের জলবায়ু কার্যক্রম আশঙ্কাজনকভাবে ধীর করে দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।


