ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় চরম আতঙ্কিত হয়ে নির্ধারিত সময়ের আগেই দেশ ছাড়ছেন আট চীনা শিক্ষার্থী। তাঁদের মধ্যে দুজন এরই মধ্যে চীনে ফিরে গেছেন এবং বাকি ছয়জন আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন। আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) অধীনে বাংলা ভাষা ও সংস্কৃতিবিষয়ক একটি বিশেষ কোর্সে অংশ নিতে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। চলতি মাসের শেষ দিকে কোর্স ও পরীক্ষা শেষে তাঁদের দেশে ফেরার কথা ছিল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম এ কাউসার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাধ্যক্ষ জানান, চীনের গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের এই আট শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা ভাষা শেখার কোর্সে অধ্যয়নরত ছিলেন। সম্প্রতি ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করেন। পরবর্তীতে নিজ বিশ্ববিদ্যালয়ের পরামর্শে তাঁরা নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
অধ্যাপক এম এ কাউসার বলেন, “ওই আটজনই চীনের একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নভেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা শেষ করে তাঁদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে তাঁরা আগেভাগেই চলে যাচ্ছেন। এর মধ্যে দুজন চলে গেছেন এবং বাকি ছয়জনেরও বিমানের টিকিট নিশ্চিত হয়েছে।”
বিস্ফোরণের দিনের ভীতিকর অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, “বিস্ফোরণের সময় ওই বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী ঘটনাস্থলের খুব কাছ দিয়ে যাচ্ছিলেন। সরাসরি ঘটনাটি প্রত্যক্ষ করার পর থেকেই তাঁরা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত দেশে ফেরার তাগিদ অনুভব করেন।” তিনি আরও জানান, দেশে ফিরে শিক্ষার্থীরা তাঁদের নিজ বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে কোর্সের বাকি পরীক্ষায় অংশ নেবেন। এছাড়া হলের অন্যান্য বিদেশি শিক্ষার্থীদের সঙ্গেও বুধবার বিকেলে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে এবং তাঁরা আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের বিশেষ এই কোর্সের আওতায় প্রতিবছর চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে আসেন। ইনস্টিটিউটের তথ্যমতে, ২০২৪ সালে চীনের দুটি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ জন, ২০২৫ সালে তিনটি বিশ্ববিদ্যালয় থেকে ১৯ জন এবং চলতি ২০২৬ সালে চারটি বিশ্ববিদ্যালয় থেকে ২৬ জন শিক্ষার্থী এ কোর্সে অংশ নিচ্ছেন।
প্রসঙ্গত, গত কয়েক দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় ক্যাম্পাসের ছয়টি স্থানে অন্তত আটটি, সোমবার (৯ নভেম্বর) টিএসসি এলাকায় একটি এবং মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ব্যবসায় শিক্ষা অনুষদের একাডেমিক ভবনের সামনে ও কলা ভবনের পাশের শ্যাডো এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবারের বিস্ফোরণে একজন আহতও হয়েছেন।



