১১ থেকে ২০তম গ্রেডের আটটি ভিন্ন ক্যাটাগরির পদে জনবল নিয়োগের জন্য সিলেট জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
সিলেট সিভিল সার্জনের কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদ পূরণের লক্ষ্যে একটি বৃহৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে মোট ৮টি ক্যাটাগরিতে ১৭৮ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। সরকারি চাকরিতে আগ্রহী এবং প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে কেবল অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি ১৫৫ জন নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদে, যার জন্য এইচএসসি বা সমমান পাস হতে হবে। এ ছাড়া পরিসংখ্যানবিদ পদে ৬ জন (স্নাতক), অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৪ জন (এইচএসসি ও টাইপিং দক্ষতা), কীটতত্ত্বীয় টেকনিশিয়ান পদে ২ জন (বিজ্ঞান বিভাগে এইচএসসি), স্টোর কিপার পদে ২ জন (এইচএসসি), কোল্ড চেইন টেকনিশিয়ান পদে ১ জন (ভোকেশনাল এইচএসসি), ওয়ার্ড মাস্টার পদে ১ জন (এইচএসসি) এবং অফিস সহায়ক পদে ৭ জন (এসএসসি পাস) নিয়োগ পাবেন। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা ১৪তম গ্রেডে ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা, ১৫তম গ্রেডে ২২,৮০০ থেকে ৫৫,২০০ টাকা, ১৬তম গ্রেডে ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা এবং ২০তম গ্রেডে ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা হারে মাসিক বেতন ও অন্যান্য সরকারি সুবিধা ভোগ করবেন।
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিশেষ করে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট পুরোনো ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে; তবে ওই ওয়ার্ডে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের বাসিন্দাদের আবেদন বিবেচনা করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে সিলেট সিভিল সার্জনের কার্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৫ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।
আবেদনপত্র পূরণ, নির্ধারিত ফি জমাদান এবং বয়সসীমাসহ অন্যান্য শর্তাবলি সংশ্লিষ্ট ওয়েবসাইটে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ, যেমন—পরীক্ষার তারিখ, সময়সূচি এবং বিজ্ঞপ্তির যেকোনো সংশোধন বা সংযোজন সংক্রান্ত তথ্য সিভিল সার্জনের কার্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাই আবেদনকারীদের নিয়মিত অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।



