ডিসেম্বর মাসকে সামনে রেখে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাগুলোকে পরিকল্পিত নাশকতা হিসেবে চিহ্নিত করে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার ও প্রশাসন। গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির পাশাপাশি রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলার জন্য মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি এবং দলটির সমমনা মিত্র দলগুলো।
সংসদ অধিবেশন শেষ হওয়ার পর দলের সকল সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় থেকে নেতাকর্মীদের নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলের প্রধান তারেক রহমান। রাজধানীর পাশাপাশি সারা দেশেই নাশকতা প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে নিয়মিত বিক্ষোভ মিছিল ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হচ্ছে। একই সঙ্গে নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করছেন স্থানীয় নেতাকর্মীরা।
বিএনপির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র রুখে দিতে ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের মতো মিত্র রাজনৈতিক দলগুলোও। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের পক্ষ থেকেও নাশকতাকারীদের কঠোরভাবে দমন করার পাশাপাশি সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা গণগ্রেপ্তারের শিকার না হয়, সে বিষয়ে দেশজুড়ে পুলিশ সুপার ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।



