বদলির ফল প্রকাশের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনরত এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের নারী শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শনিবার দুপুরে তিনি কর্মসূচিস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারী শিক্ষকদের খোঁজখবর নেন এবং তাদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়, যেখানে সাড়ে ১৩ হাজারের বেশি শিক্ষক আবেদন করেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ফলাফল প্রকাশের সব দাপ্তরিক প্রস্তুতি শেষ করলেও শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অভাবে তা আটকে আছে।

বিজ্ঞাপন · inarticle_1

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফল প্রকাশ না হওয়ায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষকরা। তাদের অভিযোগ, বদলি নীতিমালা সংশোধনের অজুহাতে ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করা হচ্ছে। আন্দোলনরত শিক্ষকদের মতে, নীতিমালায় কোনো সংস্কারের প্রয়োজন হলে তা চলমান প্রক্রিয়ার বাইরে করা যেতে পারে; কিন্তু অহেতুক জটিলতা তৈরি করে বদলি কার্যক্রম ঝুলিয়ে রাখায় শিক্ষকরা বাধ্য হয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছেন।