জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে প্রথম বৈঠকটি আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত রবিবার (২২ নভেম্বর) গভীর রাতে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত দলটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এনসিপি ও প্রধানমন্ত্রীর দপ্তর সূত্র জানায়, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর মাধ্যমে প্রধানমন্ত্রী দলটিকে এই সংলাপের আমন্ত্রণ জানান। এর পরিপ্রেক্ষিতে রবিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে এক সভায় বৈঠকের প্রতিনিধি চূড়ান্ত করা হয়। আজকের বৈঠকে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অংশ নেবেন।

বিজ্ঞাপন · inarticle_1

সংলাপের আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে দেখছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার। তবে দলটির সদস্যসচিব আখতার হোসেন মনে করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশে একটি স্বাভাবিক জোট আগে থেকেই বিদ্যমান রয়েছে; নতুন করে ঐক্যের প্রয়োজন হওয়ার অর্থ হলো পূর্ববর্তী ঐক্যে কোথাও ফাটল ধরেছে, যার কারণ অনুসন্ধান করা জরুরি।

যুক্তরাজ্য সফর শেষে রবিবার দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় ঐক্যের শর্ত হিসেবে বেশ কয়েকটি মৌলিক বিষয়ের কথা উল্লেখ করেন। তার মতে, একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। পাশাপাশি গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার ত্বরান্বিত করা, আসন্ন গঙ্গা চুক্তি নবায়নে ন্যায্য হিস্যা আদায় এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার বিষয়ে সরকার অঙ্গীকারাবদ্ধ হলেই কেবল প্রকৃত জাতীয় ঐক্য সম্ভব।

এনসিপির কেন্দ্রীয় কমিটির একজন সদস্য জানিয়েছেন, আজকের বৈঠকে তারা জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক ঐক্যে ফাটল ধরার কারণসহ উল্লিখিত দাবিগুলো তুলে ধরবেন। এ ছাড়া বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়টিও আলোচনায় প্রাধান্য পাবে।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন ১৯ নভেম্বর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট ১১-দলীয় ঐক্য জরুরি বৈঠক করে প্রধানমন্ত্রীর সেই আহ্বানকে আনুষ্ঠানিক সাধুবাদ জানায়।