অ্যালেফের সঙ্গে একক অংশীদারত্ব চুক্তির মাধ্যমে স্থানীয় মুদ্রায় ও নিজস্ব ভাষায় বিজ্ঞাপন প্রচারের নতুন সুযোগ পেল দেশীয় ব্র্যান্ড ও বিজ্ঞাপনী সংস্থাগুলো

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ডিজিটাল বিজ্ঞাপনের বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। এরই ধারাবাহিকতায় বাংলাদেশসহ বিশ্বের ৪৪টি উদীয়মান বাজারে নিজেদের ‘চ্যাটজিপিটি অ্যাডস’ বা বিজ্ঞাপন সেবা সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নের লক্ষ্যে বৈশ্বিক ডিজিটাল মিডিয়া ও পেমেন্ট অবকাঠামো প্রদানকারী প্রতিষ্ঠান অ্যালেফের সঙ্গে একটি একক পরিবেশক ও পুনর্বিক্রেতা চুক্তি স্বাক্ষর করেছে ওপেনএআই। গত ১২ নভেম্বর স্পেনের মাদ্রিদ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন · inarticle_1

নতুন এই অংশীদারত্ব চুক্তির ফলে লাতিন আমেরিকা, ইউরোপ, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান ও বিজ্ঞাপনী সংস্থাগুলো সরাসরি অ্যালেফের স্থানীয় কার্যালয়ের মাধ্যমে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ পাবে। এর ফলে দেশীয় বিজ্ঞাপনদাতাদের আর আন্তর্জাতিক মুদ্রায় লেনদেন বা বৈদেশিক মুদ্রা বিনিময়ের জটিলতা পোহাতে হবে না। বিজ্ঞাপনদাতারা নিজ নিজ দেশের স্থানীয় মুদ্রায় বিল পরিশোধের পাশাপাশি অ্যালেফের স্থানীয় দক্ষ দলের কাছ থেকে অনবোর্ডিং, ঋণ সুবিধা এবং সার্বক্ষণিক কারিগরি সহায়তা লাভ করবেন। চ্যাটজিপিটি এমন একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে ব্যবহারকারীরা কেবল তথ্য অনুসন্ধানই করেন না, বরং নতুন পণ্য সম্পর্কে জানতে এবং কেনাকাটার চূড়ান্ত সিদ্ধান্ত নিতেও এই মাধ্যমের ওপর নির্ভর করেন।

চুক্তি প্রসঙ্গে অ্যালেফের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গাস্তন তারাতুতা আশাবাদ ব্যক্ত করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের সঙ্গে যুক্ত হওয়ার এক অভাবনীয় নতুন পথ দেখিয়েছে। এখন থেকে ৪৪টি দেশের বিজ্ঞাপনদাতারা এমন একটি স্থানীয় দলের মাধ্যমে ওপেনএআইয়ের সঙ্গে কাজ করতে পারবেন, যারা তাদের নিজস্ব ভাষায় কথা বলে এবং স্থানীয় মুদ্রায় বিলিং ও ক্রেডিট সুবিধা নিশ্চিত করে। অ্যালেফের মূল লক্ষ্যই হলো বৈশ্বিক প্রযুক্তিকে স্থানীয় ব্যবসায়িক প্রবৃদ্ধিতে রূপান্তর করা, যা এই অংশীদারত্বের মাধ্যমে আরও বেগবান হবে।

ওপেনএআই ও অ্যালেফের এই চুক্তির আওতায় চারটি ভৌগোলিক অঞ্চলের মোট ৪৪টি বাজারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চারটি বাজার হলো বাংলাদেশ, কম্বোডিয়া, হংকং (রপ্তানিমুখী বাজার) এবং শ্রীলঙ্কা। লাতিন আমেরিকার ১৪টি দেশের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, পানামা, প্যারাগুয়ে, পেরু, পুয়ের্তো রিকো ও উরুগুয়ে। ইউরোপ ও মধ্য এশিয়ার ১৬টি বাজারের তালিকায় আছে আজারবাইজান, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেকিয়া, এস্তোনিয়া, হাঙ্গেরি, কাজাখস্তান, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, ইউক্রেন (রপ্তানিমুখী বাজার) এবং উজবেকিস্তান। অন্যদিকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ১০টি বাজার হলো মিসর, কেনিয়া, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।

উল্লেখ্য, অ্যালেফ বর্তমানে বিশ্বজুড়ে ১৩০টির বেশি দ্রুত বর্ধনশীল বাজারে মিডিয়া ও পেমেন্ট সমাধান ত্বরান্বিত করার বৃহত্তম বৈশ্বিক অবকাঠামো পরিচালনা করছে। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা এবং বিশ্বের ৫০টির বেশি শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রতিষ্ঠানটি ৯০টির বেশি কার্যালয়ের মাধ্যমে বিশ্বব্যাপী ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। ব্যবসায়িক সেবার পাশাপাশি ইউনেসকোর গ্লোবাল স্কিলস একাডেমি স্বীকৃত ‘ডিজিটাল অ্যাড এক্সপার্ট’ নামক শিক্ষা উদ্যোগের মাধ্যমে বিশ্বব্যাপী ডিজিটাল দক্ষতা ও অন্তর্ভুক্তি বাড়াতেও অগ্রণী ভূমিকা রাখছে অ্যালেফ।