মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়ার (Nvidia) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এক বড় ধরনের কেলেঙ্কারিতে জড়িয়ে পদত্যাগ করেছেন। সিঙ্গাপুরভিত্তিক সন্দেহভাজন এক চীনা গুপ্তচরের সাথে তার বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য ফাঁস হওয়ার পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি কোম্পানির দায়িত্ব ছাড়েন। এই ঘটনা এশিয়ার অন্যতম প্রধান চিপ বাণিজ্য কেন্দ্র হিসেবে সিঙ্গাপুরের অবস্থান এবং এর আড়ালে চলা অবৈধ চিপ পাচারের বিষয়টি নতুন করে সামনে নিয়ে এসেছে।

কেলেঙ্কারির সূত্রপাত ও পদত্যাগ এনভিডিয়ার পরিচালনা পর্ষদের এক জরুরি বৈঠকের পর জেনসেন হুয়াং তার সম্পর্কের কথা স্বীকার করে পদত্যাগ করেন। জানা গেছে, অ্যালিস হুয়াং নামক এক নারীর সাথে তার সম্পর্ক ছিল। অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার কোম্পানি ‘মেগাস্পিড’ (Megaspeed) পরিচালনা করতেন, যা দক্ষিণ-পূর্ব এশিয়ায় এনভিডিয়া চিপের অন্যতম বৃহৎ ক্রেতা।

বিজ্ঞাপন · inarticle_1

সিঙ্গাপুরের মাধ্যমে চিপ পাচারের অভিযোগ ২০২২ সালে যুক্তরাষ্ট্র চীনে উন্নত মানের মার্কিন সেমিকন্ডাক্টর রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন কর্মকর্তাদের দীর্ঘদিনের সন্দেহ ছিল, সিঙ্গাপুরের মতো তৃতীয় দেশগুলোকে ব্যবহার করে চীনা প্রতিষ্ঠানগুলো গোপনে এসব চিপ সংগ্রহ করছে।

তথ্যমতে, গত বছর এনভিডিয়ার বৈশ্বিক আয়ের প্রায় এক-পঞ্চমাংশ এসেছে সিঙ্গাপুরের বিলিং সেন্টার থেকে। অথচ এর ১ শতাংশেরও কম চিপ সিঙ্গাপুরের ভেতরে ব্যবহৃত হয়েছে; বাকি চিপগুলো সিঙ্গাপুরের মাধ্যমে এশিয়ার অন্যান্য দেশে সরবরাহ করা হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় এনভিডিয়া চিপের সবচেয়ে বড় ক্রেতা মেগাস্পিড। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে অবস্থিত তাদের ডেটা সেন্টারের মাধ্যমে চীনা কোম্পানিগুলোকে এই উন্নত এআই (AI) চিপ ব্যবহারের গোপন সুযোগ বা ‘ব্যাকডোর অ্যাক্সেস’ দিয়ে আসছিল।

তদন্ত ও অ্যালিস হুয়াংয়ের ভূমিকা সিঙ্গাপুর সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে তারা মেগাস্পিডসহ বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। এসব প্রতিষ্ঠান মালয়েশিয়ায় সার্ভার রপ্তানির কথা বললেও প্রকৃতপক্ষে সেগুলো অন্য কোনো দেশে পাঠানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে মার্কিন সার্ভার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘সুপারমাইক্রো’ (Supermicro) সম্পর্কে তথ্য চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে বারবার অনুরোধ জানালেও এখন পর্যন্ত পর্যাপ্ত সহযোগিতা পায়নি বলে দাবি করেছে সিঙ্গাপুর।

অন্যদিকে, সিঙ্গাপুর কর্তৃপক্ষ অ্যালিস হুয়াংকে গুপ্তচরবৃত্তির বদলে জালিয়াতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছিল। কয়েক মাস তার পাসপোর্ট জব্দ রাখার পর পর্যাপ্ত প্রমাণের অভাবে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে সিঙ্গাপুর ত্যাগের অনুমতি দেওয়া হয়।

‘সিঙ্গাপুর-ওয়াশিং’ ও ভূ-রাজনৈতিক সংকট ওয়াশিংটনভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক সংস্থা সিফোরএডিএস (C4ADS)-এর তথ্য অনুযায়ী, ২০১৯ সালে অ্যালিস হুয়াং তার একটি গেমিং কোম্পানি চীনা প্রতিষ্ঠান ‘সেভেনরোড’ (7Road)-এর কাছে বিক্রি করেন। পরবর্তীতে ২০২৩ সালের মার্চে সেভেনরোডের সিঙ্গাপুর শাখার নির্বাহী পরিচালক নিযুক্ত হন অ্যালিস এবং এর পরদিনই কোম্পানিটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘মেগাস্পিড’। আট মাস পর তিনি এক সিঙ্গাপুরি নাগরিকের কাছে মালিকানা হস্তান্তর করলেও পর্দার আড়াল থেকে কোম্পানিটি নিয়ন্ত্রণ করতেন বলে ধারণা করা হয়।

বিশ্লেষকদের মতে, চীনা প্রতিষ্ঠানগুলো নিজেদের পরিচয় আড়াল করতে সিঙ্গাপুরের স্বচ্ছ ব্যবসায়িক ভাবমূর্তি ব্যবহার করছে, যা ‘সিঙ্গাপুর-ওয়াশিং’ নামে পরিচিতি পেয়েছে।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং বরাবরই বলে আসছেন, তার দেশ যুক্তরাষ্ট্র বা চীন কোনো পক্ষেরই নয়, বরং ‘সিঙ্গাপুরের পক্ষে’। তবে এনভিডিয়া ও মেগাস্পিডের এই কেলেঙ্কারির পর দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার প্রযুক্তি যুদ্ধে সিঙ্গাপুরের নিরপেক্ষ অবস্থান বজায় রাখা আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।