বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার প্রকৃত সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেন, সরকারি নথির তুলনায় বাস্তবে এই সংখ্যা আরও বেশি। দীর্ঘদিন ধরে এই বিপুল জনগোষ্ঠীকে মানবিক সহায়তা ও আশ্রয় দিতে গিয়ে দেশের অর্থনীতির ওপর মারাত্মক চাপ সৃষ্টি হচ্ছে।
সচিবালয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। বৈঠকে মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা প্রত্যাবাসন, সীমান্ত ও ক্যাম্পের আইনশৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখতে হবে।
আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষিত হতে যাচ্ছে। এই রায়ের পর বিশ্ব সম্প্রদায়কে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান মন্ত্রী। অন্যদিকে, রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘ প্রতিনিধি কেলি ই. কারি।
বৈঠকে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় অস্ত্র ও মাদক পাচার এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এছাড়া, মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলোর সমন্বিত কূটনৈতিক চাপ সৃষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।



