অবৈধ উপায়ে ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ইউরোপে প্রবেশ করা আরও ৪৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানো প্রবাসীদের মধ্যে ৪০ জন গ্রিস এবং চারজন সাইপ্রাস থেকে দেশে ফিরেছেন।
ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (N05542) তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ইউরোপীয় ইউনিয়নের শক্ত অবস্থানের কারণে তাদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় এ deport বা ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিমানবন্দরে নামার পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিদের উপস্থিতিতে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম, সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা প্রদান করে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় তাদের খাবার, মানসিক কাউন্সেলিং এবং নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য জরুরি আর্থিক অনুদান দেওয়া হয়।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইউথ প্ল্যাটফর্মের অ্যাসোসিয়েট ডিরেক্টর শরিফুল হাসান জানান, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইতালি ও গ্রিসে প্রবেশকারী তালিকার শীর্ষে দীর্ঘদিন ধরেই রয়েছে বাংলাদেশিরা। ইউরোপে অবৈধ অভিবাসন রোধে কঠোর নীতিমালার ফলে বহু টাকা খরচ করেও ব্যর্থ হয়ে দেশে ফিরতে হচ্ছে তাদের। তিনি জানান, ফেরত আসাদের মধ্যে এমন ব্যক্তিও রয়েছেন যিনি পূর্বে টিকটকে ভিডিও বানিয়ে অন্যদের অবৈধ পথে ইউরোপে যেতে উৎসাহিত করতেন। ৩০-৪০ লাখ টাকা খরচ করে চরম ঝুঁকিপূর্ণ পথে জীবন বাজি না রেখে দক্ষ হয়ে আইনি ও বৈধ পথে অভিবাসনের পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালে ইউরোপের দেশগুলোর সঙ্গে অবৈধ অভিবাসীদের ফেরাতে বাংলাদেশ সরকার 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর' (এসওপি) চুক্তি সই করে। চুক্তি কার্যকরের পর থেকে সাইপ্রাস, ইতালি, রোমানিয়া, ফ্রান্স, গ্রিস ও মালেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ৫ হাজার অবৈধ বাংলাদেশি দেশে ফিরেছেন। এর আগে গত ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে আরও ৩৫ জন বাংলাদেশিকে একইভাবে দেশে ফেরত পাঠানো হয়েছিল।



