জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই. কারি ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির সার্বিক প্রভাব মূল্যায়নে তাঁর এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সফরকালে তিনি রাখাইন রাজ্যের পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর এর নেতিবাচক প্রভাব পর্যবেক্ষণ করবেন। একই সঙ্গে ভবিষ্যতে সেখানে সহযোগিতার নতুন সুযোগগুলো নিয়েও তিনি আলোকপাত করবেন।

বিজ্ঞাপন · inarticle_1

জাতিসংঘের এই প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের জন্য অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির ক্ষমতাসীন সামরিক জান্তা তাঁকে সফর করার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে।

বাংলাদেশ অবস্থানকালে তিনি সরকারি প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগীদের সাথে বৈঠকে মিলিত হবেন। সফরসূচির অংশ হিসেবে ঢাকায় একাধিক দ্বিপাক্ষিক বৈঠক ও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন অন্তর্ভুক্ত রয়েছে।

বাংলাদেশ সফর শেষ করে ১৮ নভেম্বর তিনি সংবাদ সম্মেলনে অংশ নিয়ে প্রাথমিক তথ্য উপস্থাপন করবেন। এরপর ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তাঁর পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবেন।