জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, নারী ও শিশুর স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতকরণ, নবায়নযোগ্য শক্তি উৎপাদন এবং পরিবেশবান্ধব পণ্যের বিস্তারসহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বি-পাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় অভিজ্ঞতা ভাগাভাগি এবং সরেজমিনে সহযোগিতার জন্য শিগগিরই একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঠানোর সদয় সম্মতি জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।
তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত বৈশ্বিক জলবায়ু সম্মেলন সিওপি৩১ (COP31)-এ অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধি দলের সফরের প্রথম দিনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সহধর্মিণী ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন এমিনে এরদোয়ানের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ড. জুবাইদা রহমানের এক অত্যন্ত ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। তুরস্কের আন্তালিয়ার প্যাপিলন জিউগমা রিলাক্সুরি হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই বৈঠকের বিস্তারিত বিষয়াদি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৈঠকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা এবং নারী ও শিশুদের ওপর এর ক্ষতিকর প্রভাব নিরসনে দুই দেশের সম্ভাব্য সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিকূল পরিবেশ মোকাবেলায় বাংলাদেশের জনগণের সাহস ও সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন তুর্কি ফার্স্ট লেডি। একই সাথে তিনি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, সৌরশক্তি সম্প্রসারণ এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে বাংলাদেশের পরিবেশবান্ধব ও পচনশীল পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার বৃদ্ধিতে সমন্বিত কাজ করার বিশেষ আগ্রহ দেখান।
বৈঠকে ড. জুবাইদা রহমান বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ফলে তৈরি হওয়া উপকূলীয় নারীদের স্বাস্থ্য ঝুঁকি, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং সামাজিক সংকটগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করেন। একই সাথে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিবেশ রক্ষায় দেশে গৃহীত বৃক্ষরোপণ এবং ‘আমার খাল খনন’ কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো তুলে ধরেন। এমিনে এরদোয়ান এসব উদ্যোগের প্রশংসা করে জানান, পরিবেশ সুরক্ষা, পাটজাত পণ্যের প্রচার ও নারী ক্ষমতায়নে দুই দেশের দ্বিপাক্ষিক কাজের বিশাল ক্ষেত্র রয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করতে তুরস্কের একটি বিশেষজ্ঞ দল পাঠানো হবে বলে তিনি আশ্বাস দেন।
এ ছাড়া বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। ২০১৭ সালে নিজ চোখে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা স্মরণ করে এমিনে এরদোয়ান জানান, রোহিঙ্গাদের পূর্ণ প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত তুরস্ক তাদের মৌলিক অধিকার ও চিকিৎসা সেবায় সমর্থন অব্যাহত রাখবে। ড. জুবাইদা রহমানের আমন্ত্রণে সাড়া দিয়ে তুর্কি ফার্স্ট লেডি শিগগিরই সুবিধাজনক সময়ে আবারো বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেছেন।



