সশস্ত্র বাহিনী দিবসের ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ চালুর পাশাপাশি আধুনিক প্রতিরক্ষা পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি স্থল, আকাশ ও সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষায় সমন্বিত জাতীয় প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

নতুন প্ল্যানিং গাইডেন্সের আওতায় সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখা, শৃঙ্খলা, সততা ও জনগণের আস্থাকে সশস্ত্র বাহিনীর মূল শক্তি হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন · inarticle_1

সদস্য ও তাদের পরিবারের কল্যাণে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে এবং পর্যায়ক্রমে বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি ২১ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং স্বাধীনতার ঘোষণা ও সশস্ত্র সংগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা উল্লেখ করেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা অটুট থাকলে দেশকে কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা এবং একটি নিরাপদ, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে শান্তি রক্ষা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাহিনীর সাফল্যের প্রশংসা করে শাহাদাতবরণকারী ও আহত সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি। শেষে উপস্থিত বন্ধুরাষ্ট্রগুলোর প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং বৈশ্বিক শান্তিরক্ষায় পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বক্তব্য শেষ করেন।