দেশব্যাপী শুরু হয়েছে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই শুমারির অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীরা সরাসরি বাড়ি বা ফ্ল্যাটে গিয়ে পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ করবেন। কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র হাতের কাছে প্রস্তুত রাখার অনুরোধ জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয়ের সমাজসেবা অফিসার ইনসান আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান সরকারের অন্যতম প্রধান এই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গত অক্টোবর থেকেই দেশজুড়ে শুমারি চলছে এবং তথ্য সংগ্রহকারীরা যেকোনো সময় বাড়িতে পৌঁছাতে পারেন।
তথ্য সংগ্রহের সুবিধার্থে যে নারী সদস্যের নামে কার্ডটি ইস্যু করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি ও ছবি প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের এনআইডি এবং ১৮ বছরের কম বয়সী বা এনআইডি নেই এমন সদস্যদের জন্মনিবন্ধন সনদ হাতের কাছে রাখতে বলা হয়েছে।
এ ছাড়া কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের তথ্য, পরিবারের আয়-ব্যয় ও সম্পদের বিবরণ, বাড়ির ছবি এবং ফরমে স্বাক্ষর বা টিপসই দেওয়ার প্রস্তুতি রাখতে হবে।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে যে, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। তাই কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কেউ কোনো অর্থ দাবি করলে তাকে টাকা না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। কোনো পরিবার যেন জরিপ থেকে বাদ না পড়ে সে বিষয়ে সচেতন থাকার পাশাপাশি জনসচেতনতা তৈরিতে মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছে অধিদপ্তর।



