১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ বাণী; দেশীয় পণ্যের প্রসার, নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং টেকসই অর্থনীতি গঠনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা।

দেশের তরুণ ও যুবসমাজকে দক্ষ এবং আত্মনির্ভরশীল জনশক্তি হিসেবে গড়ে তুলতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আগামীকাল ২২ নভেম্বর থেকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাওয়া ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬’ উপলক্ষে আজ এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এসএমই খাতের বিপুল সম্ভাবনা রয়েছে এবং এই সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে সরকার প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও উদ্যোক্তাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

বিজ্ঞাপন · inarticle_1

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী এই মেলা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নে নতুন গতি সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বাণীতে তিনি বলেন, জাতীয় এসএমই পণ্যমেলা প্রান্তিক ও নতুন উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় পণ্যের পরিচিতি বৃদ্ধি, নতুন বাজার সৃষ্টি এবং দেশি-বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের এক অনন্য প্ল্যাটফর্ম। এই আয়োজন উদ্যোক্তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের পাশাপাশি পণ্যের বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে।

‘সবার আগে বাংলাদেশ-সবার জন্য বাংলাদেশ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে সরকার একটি উৎপাদনমুখী, কর্মসংস্থানসমৃদ্ধ ও টেকসই অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বলে জানান তারেক রহমান। তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে শ্রমঘন ও স্বল্প পুঁজিনির্ভর শিল্পের বিকাশ এবং সহজ শর্তে ব্যবসা-বাণিজ্যের প্রসার অত্যন্ত জরুরি। স্থানীয় কাঁচামাল, সম্পদ ও দক্ষতাকে কাজে লাগিয়ে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, আমদানিনির্ভরতা কমানো এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা আরও বহুগুণ বৃদ্ধি করা সম্ভব।

দেশের প্রতিটি অঞ্চলে অর্থনৈতিক অগ্রগতির সুফল পৌঁছে দিতে উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন। এসএমই খাতে নারী উদ্যোক্তাদের ক্রমবর্ধমান অংশগ্রহণকে অত্যন্ত আশাব্যঞ্জক উল্লেখ করে তিনি বলেন, নারীদের মেধা, শ্রম ও সৃজনশীলতা আজ জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে। নারী ও পুরুষ উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত আরও সুদৃঢ় হবে এবং একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম হবে। বাণীর শেষে তিনি সফলভাবে এই মেলা আয়োজনের জন্য এসএমই ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং মেলার সার্বিক সাফল্য কামনা করেন।