প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে কেউ আর বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না। শনিবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, অতীতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র হয়েছে। তবে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানসহ দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে ঐতিহাসিক ভূমিকা রেখেছে। তিনি বলেন, একাত্তরে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছিলেন, আর চব্বিশে বীর ছাত্র-জনতা রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে সেই স্বাধীনতা রক্ষা করেছেন। শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে যেকোনো মূল্যে সার্বভৌমত্ব রক্ষা এবং একটি নিরাপদ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই এখন প্রধান দায়িত্ব।

বিজ্ঞাপন · inarticle_1

সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে তারেক রহমান জানান, ১৯৭১ সালের ২১ নভেম্বর তিন বাহিনীর সম্মিলিত আক্রমণের মধ্য দিয়েই এই দিবসের সূচনা। তিনি স্মরণ করেন, ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হামলার পর চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ ঘোষণা করে সশস্ত্র প্রতিরোধ শুরু করেন এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রচার করেন। স্বাধীনতা-পরবর্তী সময়েও ষড়যন্ত্র থেমে থাকেনি উল্লেখ করে তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রতিরোধ এবং ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞ ও পরবর্তী ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেন।

সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার ইতিমধ্যে নতুন ‘প্ল্যানিং গাইডেন্স’ প্রণয়ন করেছে। প্রথাগত সামরিক কাঠামোর বাইরে এসে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জনে সরকার কাজ করছে। বাহিনীর শক্তিমত্তা ধরে রাখতে চেইন অব কমান্ড, সততা, শৃঙ্খলা ও জনগণের আস্থার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি সদস্যদের জীবনমান উন্নয়নে ‘জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড’ গঠন করা হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণা দেন তিনি।

পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর নারী ও পুরুষ সদস্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। দায়িত্ব পালনকালে দেশে-বিদেশে শহীদ হওয়া সদস্যদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতিম দেশগুলোর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

বক্তব্যের শুরুতে ঢাকা সেনানিবাসে এসে ব্যক্তিগতভাবে স্মৃতিকাতর হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন এবং ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তাঁর জীবনের শেষ অংশগ্রহণ। এ সময় তিনি তাঁর প্রয়াত মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।