মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার দাবিকে হাস্যকর ও অযৌক্তিক বলে অভিহিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার রয়টার্সের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমের সামনে তিনি এই কঠোর প্রতিক্রিয়া জানান।

চিফ প্রসিকিউটর স্পষ্ট করেন যে, পলাতক অবস্থায় থাকা একজন দণ্ডপ্রাপ্ত আসামির জন্য রাষ্ট্রীয় বিমান চাওয়ার এমন ঘটনা নজিরবিহীন। তার মতে, আইনের মুখোমুখি না হয়ে এমন শর্ত বা আবদার করা বাস্তবতার সঙ্গে বেমানান।

বিজ্ঞাপন · inarticle_1

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাদের নানা তৎপরতা নিয়েও কথা বলেন আমিনুল ইসলাম। তিনি মন্তব্য করেন যে, পলাতক নেতাদের এসব কর্মকাণ্ডের মাধ্যমে দলটির সন্ত্রাসী চরিত্র আরও স্পষ্ট হয়ে উঠছে। ভিনদেশে বসে পরিচালিত এসব তৎপরতা থামাতে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়ার সীমাবদ্ধতা থাকলেও কূটনৈতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আমিনুল ইসলাম আরও জানান, চলমান এসব কর্মকাণ্ডের ভিত্তিতে আওয়ামী লীগ যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়, তবে প্রচলিত আইনে ও বিচারিক প্রক্রিয়ায় দলটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার এবং ট্রাইব্যুনাল বাধ্য হতে পারে।