ভারতে দুই বছরের বেশি সময় নির্বাসনে থাকার পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের এই বিশেষ দিনে তার দেশে ফেরার পরিকল্পনার কথা মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন তার মুখপাত্র। নির্বাসনে যাওয়ার পর এই প্রথম তিনি দেশে ফেরার কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন, যা দেশের বর্তমান রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।
দেশে ফেরার প্রস্তুতি হিসেবে চলতি মাসের শুরুতেই বাতিল হওয়া পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র পুনরায় ইস্যু করার জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। এই আবেদনের পর থেকেই বাংলাদেশে তার কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে ঘিরে সহিংসতা ও অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। নতুন নথিপত্র চাওয়ার পাশাপাশি তিনি বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে তার দেশে ফেরার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিমানে করেই তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সূত্র ধরেই এখন দিল্লি থেকে ঢাকায় তার ফেরার বিমানযাত্রার ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সংবিধানের পরিপন্থীভাবে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল এবং এখন ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেশে ফেরা নিশ্চিত করা সরকারেরই দায়িত্ব।
তবে এই দাবির বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। এর আগে রোববার একজন বাংলাদেশি মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে এবং তাকে ফিরিয়ে আনতে বিমান পাঠানো নিয়ে ভারতের সঙ্গে কোনো সরকারি আলোচনা হয়নি। উল্লেখ্য, জাতিসংঘের তথ্যমতে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন, যার জেরে গত বছরের নভেম্বরে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেন; যদিও নির্বাসনে থেকে তিনি বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।



